মাগুরা প্রতিনিধি
দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও মেডেলের পাশাপাশি বিশেষ উপহার হিসেবে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক কাওসার আহমেদ ও মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুপ্রকের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সাত্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ স্বাধীন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, "একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি করা অত্যন্ত জরুরি। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
উল্লেখ্য, এবারের বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাগুরা জেলা সদরের দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতাগুলো এর আগে মাগুরা প্রেসক্লাব মিলনায়তন এবং মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মিলনায়তনে ধাপে ধাপে অনুষ্ঠিত হয়।