স্টাফ রিপোর্টার
, যশোর
সামাজিক সংগঠন ‘ফারুক মোড়ল ফাউন্ডেশনের’ উদ্যোগে দরিদ্রদের মাঝে চাল ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে যশোরের বসুন্দিয়া মোড়ে এই আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারুক মোড়ল জানিয়েছেন, প্রতিমাসের ১৬ তারিখে ৮০ অসহায় পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়। পাশাপাশি এবার শারীরিকভাবে অক্ষম সাতজনকে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
২০১২ সাল থেকে নিয়মিতভাবে এই চাল বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে এই ফাউন্ডেশন।
তিনি বলেন, একসময় অনেক গরিব ছিলাম। গরিব মানুষের দুঃখ-দুর্দশা কেমন হয়, তা ভালো করেই জানি। একদিন এক মুরুব্বিকে শয্যাশায়ী ও চলাচলে অক্ষম অবস্থায় দেখে মনে হয়েছে, অন্তত চালের ব্যবস্থাটা করে দিলে খাদ্য সংকট দূর হবে। সেই চিন্তা থেকেই এই কার্যক্রমের শুরু।
কেবল চাল বা হুইলচেয়ার নয়, ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকায় গৃহহীনদের ঘর, জমি কিনে দেওয়া, বিভিন্ন স্কুল-মাদরাসা ও মসজিদে অনুদান এবং দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
আগামীতেও এই মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আফসার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আফজাল হোসেন টনি, মোড়ল ফারুক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল মোড়ল প্রমুখ।