কুষ্টিয়া প্রতিনিধি
ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দর্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আর্জেন্টিনা ফ্যান ক্লাব কুষ্টিয়ার উদ্যোগে আয়োজিত এ র্যালিতে বিপুল সংখ্যক সমর্থক অংশ নিয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।
বিকেল ৪টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস মঞ্চ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেওয়া সমর্থকদের অধিকাংশই নীল-সাদা জার্সি, মাথায় বাংলাদেশের পতাকা, আর্জেন্টিনার পতাকা ও নানা রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে উপস্থিত হন। তাদের হাতে ছিল আর্জেন্টিনা ও বাংলাদেশের জাতীয় পতাকা। ঢাক-ঢোল, ভুভুজেলা ও বাঁশির তালে তালে পুরো শহর মুখরিত হয়ে ওঠে আর্জেন্টিনা বন্দনায়।

র্যালিকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও সমর্থকদের উচ্ছ্বাস উপভোগ করেন। শহরের বিভিন্ন স্থানজুড়ে শোনা যায় আর্জেন্টিনার জয়ধ্বনি। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আর্জেন্টিনা ফ্যান ক্লাব কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা এস এম কাদেরী শাকিল বলেন, বিশ্বকাপের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে সফল করেছে।

ফ্যান ক্লাবের সভাপতি তানভীর আহমেদ সৌরভ বলেন, খেলাধুলা সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্যের বার্তা বহন করে। বিশ্বকাপকে ঘিরে কুষ্টিয়ায় একটি ইতিবাচক ও উৎসবমুখর পরিবেশ তৈরি করাই ছিল আমাদের লক্ষ্য।
র্যালি শেষে সমর্থকরা বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন এবং দলটির প্রতি অব্যাহত সমর্থন ব্যক্ত করেন। সমর্থকদের উচ্ছ্বাস, ঢাক-ঢোলের তালে তালে উদযাপন এবং নীল-সাদা রঙে সেজে ওঠা শহর যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়েছিল।