পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাইকগাছায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।
প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সঞ্জয় কুমার মণ্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান এবং নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন।
এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং লক্ষ্যভুক্ত শিশুদের শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।