স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় মীর মোর সরকার (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ফয়জুল্লাহ (২৬) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মীর মোর সরকার যশোর সদর উপজেলার ফরিদপুর (ক্যান্টনমেন্ট) এলাকার ভজন সরকারের ছেলে। অন্যদিকে আহত মোটরসাইকেল চালক ফয়জুল্লাহ মাগুরা সদর থানার মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা।
আহত চালক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে অসাবধানতাবশত রাস্তা পার হচ্ছিলেন মীর মোর সরকার। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালক উভয়েই গুরুতর আহত হন। পরে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটে পুরুষ সার্জারি ওয়ার্ডে মারা যান মীর মোর সরকার।
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক রেজাউল ইসলাম জানান, মীর মোর সরকারের মাথায় প্রচণ্ড আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য রুবেল হোসেন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি কোতোয়ালি থানা-পুলিশকে অবগত করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।