কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
‘পরিকল্পনা যখন নিখুঁত, উন্নয়ন তখন মজবুত’ স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
আয় ব্যয় সমান রেখে ২৯ জুন সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে ৫১ কোটি ৪৩ লাখ সাত হাজার ২৯০ টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কবির হাচান। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
এর আগে গেল বছর ২০২৫-২০২৬ অর্থবছরে প্রথম শ্রেণির এ পৌরসভায় ৭৬ কোটি ৭৯ লাখ ৭৭ হাজার ৪০৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। ওই বছরের ২৯ জুন রোববার বাজেট ঘোষণা করেছিলেন সাবেক পৌর প্রশাসক ও ইউএনও দেদারুল ইসলাম।
সর্বশেষ দুই বছরের বাজেট পর্যালোচনা করে দেখা যায়, গত অর্থবছর থেকে চলতি অর্থবছরে পৌরসভাটির প্রস্তাবিত বাজেটের আকার কমেছে ২৫ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ১১৭ টাকা। বিশ্ব ব্যাংক ও সরকারের দুটি প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ হওয়া বাজেট হ্রাসের কারণ বলে জানিয়েছে পৌর কর্তপক্ষ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মো. কবির হাচান বলেন, বিশ্ব ব্যাংক ও সরকারের দুটি প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ হওয়ায় চলতি অর্থবছরে বাজেটের আকার কমেছে। এরমধ্যে রয়েছে বিশ্বব্যাংকের অর্থায়নে কোভিট প্রকল্পের ১৫ কোটি ও সরকারের রাজস্ব খাত থেকে দেওয়া গুরুত্বপূর্ণ নগর অবকাঠানো উন্নয়ন প্রকল্প (আইইউআইডিপি) এর দশ কোটি টাকা। এছাড়া অন্যান্য উন্নয়ন খাত থেকে আয় প্রায় একই রকম রয়েছে।
এ প্রসঙ্গে কালীগঞ্জ শহরের বাসিন্দা প্রধান শিক্ষক ও ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি ফজলুর রহমান বলেন, ‘পৌরসভার বরাদ্দ কমলে উন্নয়ন কমে। এতে ড্রেনেজ ও সড়কসহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়, ফলে পৌর নাগরিক সেবাও বাধাগ্রস্ত হয়।’
নাগরিক সেবা বৃদ্ধি করতে পৌরসভার আয় বাড়াতে জোর পদক্ষেপ নেওয়া উচিৎ বলে মনে করেন তিনি।
সোমবার চলতি বজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মিলন, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার মোল্লা, ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, জামায়াত নেতা লুৎফর রহমান প্রমুখ।
বাজেট ঘোষণা অনুষ্ঠান সঞ্চালন করেন পৌরসভার স্যানেটারি ইনসপেক্টর আলমগীর হোসেন।