ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
নতুন অর্থবছরের এ বাজেটে মাল্টি কমপ্লেক্স পৌর ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
একইসঙ্গে সাধারণ নাগরিকদের স্বস্তি দিতে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
মঙ্গলবার দুপুরে ঝিকরগাছা পৌরসভা কার্যালয়ে আয়োজিত ২৯তম বাজেট সভায় আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা বাজেটের বিভিন্ন দিক, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং পৌরসভার সেবার মানোন্নয়নে গৃহীত কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরমান হোসেন কাঁকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বাজেট সভায় বক্তারা পৌর এলাকার টেকসই উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামো সম্প্রসারণ এবং জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তারা আশা প্রকাশ করেন, ঘোষিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে ঝিকরগাছা পৌরসভা একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভায় পরিণত হবে।