যশোর, বাংলাদেশ || বুধবার, ৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে গরুবোঝাই বাহন উল্টে চালক নিহত, আহত ১০

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০২:১১ পিএম
আপডেট : বুধবার, ৮ জুলাই,২০২৬, ০৩:০৭ পিএম
মেহেরপুরে গরুবোঝাই বাহন উল্টে চালক নিহত, আহত ১০

মেহেরপুরের গাংনী-হাটবোয়ালীয়া সড়কে গরুবোঝাই একটি শ্যালোইঞ্জিনচালিত যানের (লাটাহাম্বার) এক্সেল ভেঙে উল্টে গিয়ে উজ্জ্বল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই বাহনটির চালক।

এ ঘটনায় অন্তত আরো দশজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার রাইপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের দুই ভাই কবির হোসেন ও ইসরাফিল আলী, তাদের ভাতিজা উসমান, নওদাপাড়া গ্রামের রফিকুল ইসলাম, মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের সাবদার হোসেন ও ইসমাইল হোসেন, সদর উপজেলার বামনপাড়া গ্রামের রাজা হোসেন, যাদবপুর গ্রামের রহিদুল ইসলাম এবং রাধাকান্তপুর গ্রামের লিটন হোসেনসহ আরও একব্যক্তি। তারা সবাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাটে বিক্রির উদ্দেশে গরু নিয়ে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরুবোঝাই লাটাহাম্বারটি দ্রুতগতিতে হাটবোয়ালীয়ার দিকে যাচ্ছিল। রাইপুর এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির এক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের ওপর উল্টে পড়ে। এ সময় চালক ও যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদুর রহমান চালক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো (রেফার) হয়। চিকিৎসকদের ধারনা, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ওসি জানান, আহতদের দ্রুত চিকিৎসার জন্য কুষ্টিয়া পাঠানো হয়েছে।

এদিকে নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)