খুলনা অফিস
খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির ট্রাফিক বিভাগের ৩১ জন কর্মকর্তা ও সদস্যকে (ফোর্স) সম্মাননা প্রদান করা হয়েছে। কর্মক্ষেত্রে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য বুধবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননার পুরস্কার তুলে দেওয়া হয়।
কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
অনুষ্ঠানে একজন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), পাঁচজন সার্জেন্ট/টিএসআই, পাঁচজন এটিএসআই এবং ২০ জন কনস্টেবল আর্থিক পুরস্কার গ্রহণ করেন।
সভায় পুলিশ কমিশনার ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সন্দেহজনক মিছিল, মোটরসাইকেল মহড়া, অপরাধমূলক কার্যক্রম বা যেকোনো জরুরি ঘটনা চোখে পড়লে দ্রুত কন্ট্রোল রুমে বা বেতার যোগাযোগের মাধ্যমে জানাতে নির্দেশ দেন তিনি।
এছাড়াও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে ১২ হাজারেরও বেশি গাছের চারা সংগ্রহ করা হয়েছে, যা শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও উপযুক্ত স্থানে রোপণ করা হবে। তিনি সকল পুলিশ সদস্যকে নিজ নিজ বাড়ি, অফিস ও কর্মস্থলে গাছ লাগানোর আহ্বান জানান এবং একে পরিবেশ সংরক্ষণ ও সদকায়ে জারিয়ার একটি উত্তম মাধ্যম হিসেবে সকলকে স্মরণ করিয়ে দেন।
অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।