মাগুরা প্রতিনিধি
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মো. আতিকুর রহমান বলেছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি পুনর্গঠন করতে হবে। অন্যথায়, শ্রমিকদের অধিকার আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
শুক্রবার বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলার আয়োজনে মাগুরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের ন্যায্য সম্মান নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশের গার্মেন্টস খাতের শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিকদের প্রাপ্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, চলতি অর্থবছরের বাজেটে শ্রমিক কল্যাণে কার্যকর কোনো শ্রমবান্ধব উদ্যোগ নেই।
সংগঠনের জেলা সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. আক্তারুজ্জামান, আব্দুল মতিন, অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, অধ্যাপক মশিউর রহমান, সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মাসুদুল আলম, অ্যাডভোকেট আসমত হুসাইন প্রমুখ।