স্টাফ রিপোর্টার
, যশোর
স্বল্পমূল্যে আধুনিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ডিএনএ ডাক্তারখানার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে চুড়ামনকাটি-চৌগাছা সড়কের চুড়ামনকাটি স্বাস্থ্যসেবা কমপ্লেক্সের সামনে আল্লাহর দান কমপ্লেক্সে এই ডাক্তারখানা আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠাতা রাশেদ আহসানের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুড়ামনকাটির ব্যবসায়ী ও কৃষিতে স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী রেজাউল ইসলাম দুদু, চুড়ামনকাটির বাসিন্দা আলমগীর কবির এবং এমদাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহব্বত আলী। এসময় স্থানীয় ব্যবসায়ী, ফার্মেসি মালিক ও পল্লী চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে এই ডাক্তারখানায় সপ্তায় দুইদিন একজন মেডিসিন বিশেষজ্ঞ ও একজন গাইনি বিশেষজ্ঞ (এমবিবিএস) ডাক্তার নিয়মিত রোগী দেখবেন। গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাপ্রাপ্তি সহজ করতে মাত্র ২০০ টাকা ভিজিটের বিনিময়ে এই সেবা দেওয়া হবে।
ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের কল্যাণে এমন একটি উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।