সাতক্ষীরা প্রতিনিধি
খুলনায় কর্মরত এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ এবং দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
একই সাথে এ ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কের পাশে চা দোকানে অবস্থানকালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা যেভাবে সাংবাদিকদের লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার ওপর চরম হুমকি। এই কাপুরুষোচিত ঘটনা গণমাধ্যমকে স্তব্ধ করার একটি পরিকল্পিত অপচেষ্টা।
বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব প্রমুখ।