যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ওরিয়েন্টেশনে অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাননি যবিপ্রবির নবীন শিক্ষার্থীরা

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ১০:৪৩ পিএম
ওরিয়েন্টেশনে অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাননি যবিপ্রবির নবীন শিক্ষার্থীরা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলেও তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বই ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার’ তুলে দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। মূলত অ্যাকাডেমিক ক্যালেন্ডার থেকে একজন শিক্ষার্থী পড়াশোনার বিষয়ের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন দপ্তর নিয়ে পরিচিতি ও নিয়মকানুন পেয়ে থাকেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সাধারণত ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, অ্যাকাডেমিক কার্যক্রম, ক্যাম্পাস এবং বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের হাতে অ্যাকাডেমিক সূচি, বিভাগ ও অনুষদের পরিচিতি, প্রশাসনিক কাঠামো, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মাবলি এবং সুযোগ-সুবিধাসংবলিত প্রায় এক থেকে দেড়শ’ পৃষ্ঠার একটি বই দেওয়া হয়, যা অ্যাকাডেমিক ক্যালেন্ডার নামে পরিচিত। তবে, এবারের ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের হাতে সেই ক্যালেন্ডার তুলে দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রসায়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিয়া খাতুন বলেন, একজন শিক্ষার্থী হিসেবে আমার মনে হয়, অ্যাকাডেমিক ক্যালেন্ডার বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দলিল। এটি থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, অ্যাকাডেমিক কার্যক্রম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানা যায়। কিন্তু দুঃখজনক ওরিয়েন্টেশনের দিনেও আমাদের হাতে সেটি তুলে দেওয়া হয়নি।

এ বিষয়ে যবিপ্রবির অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির সদস্যসচিব নিত্যানন্দ পাল বলেন, অ্যাকাডেমিক ক্যালেন্ডার ছাপানোর আগে সেটি অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন নিতে হয়। কাউন্সিলে কোনো ভুল বা সংশোধনের প্রয়োজন হলে তা ঠিক করে দেওয়া হয়। এবারের ক্যালেন্ডারটি মাত্র দুইদিন আগে অ্যাকাডেমিক কাউন্সিলে অনুমোদিত হয়েছে। তাই এখনো ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি। আশা করি, খুব দ্রুতই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।

অ্যাকাডেমিক কাউন্সিলে অনুমোদন পেতে বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে নিত্যানন্দ পাল বলেন, অ্যাকাডেমিক কাউন্সিল কবে অনুষ্ঠিত হবে, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়। এ বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)