ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান উপলক্ষে সারাদেশের ন্যায় যশোরের ঝিকরগাছা উপজেলায় বড় পর্দায় সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার নাভারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হারুন অর রশীদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. হুসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এটিও) প্রবীর কাঞ্জিলাল, গোলাম কিবরিয়া, ড. তৌহিদুর রহমান ও নাজমুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হামজা এবং নাভারণ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
সমাবেশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মা সমাবেশের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষা ও নৈতিক বিকাশে পরিবার, বিশেষ করে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্তানদের সুশিক্ষায় ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিরা বড় পর্দায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন।
এর আগে, সকালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানায়