দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুরের বীজ ও ১০০টি খেজুরের চারা এবং চলতি মৌসুমে তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে আমাদের টীম মানবিক পরিবার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (১৫ জুলাই) চরশ্রীপুর টু ভাতশালা নতুন বেড়িবাঁধে এই বনায়ন কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘উপকূলে তাল-খেজুরের বনায়ন, বজ্রপাত ও জলোচ্ছ্বাস করবে নিয়ন্ত্রণ’।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরুল ইসলাম -এর সার্বিক পরিচালনায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে চারা রোপণ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা কমাতে এবং বজ্রপাতজনিত প্রাণহানি রোধে তাল ও খেজুর গাছের ভূমিকা অপরিসীম। আমাদের টিম একটি মানবিক পরিবার, অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় একটি উদ্যোগ গ্রহণ করেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তহমীর সিদ্দিকী, স্থানীয় ইউপি সদস্য মাধবী রাণী এবং মাহবুবুর রহমান (বাবলু)।

এছাড়াও কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের প্রতিনিধি, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবু সাইদ ও জাহাঙ্গীর আলম, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মনিরুল ইসলাম জানান, উপকূলের মাটিকে শক্ত রাখতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাকে রক্ষা করতে আমাদের এই পরিবেশবান্ধব ও মানবিক আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ও সংগঠনের সদস্যরা বেড়িবাঁধের দুইধারে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুরের বীজ ও ১০০ খেজুর চারা রোপণ করা হয় এবং চলতি মৌসুমে তালবীজ রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়।