অভয়নগর (যশোর) প্রতিনিধি
বাজার করে রাস্তা পার হওয়ার সময় যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় উসমান ফকির (৭৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
নিহত উসমান ফকির উপজেলার ধোপাদী গ্রামের উড়োবটতলা এলাকার মৃত শরীয়তুল্লাহ ফকিরের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
আটক ট্রাকচালক আব্দুল্লাহ (৩৫) খুলনার দৌলতপুর এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে বাজারের ব্যাগ হাতে একজন বৃদ্ধ নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় খুলনাগামী 'আরএফএল' কোম্পানির একটি ট্রাক (ঢাকা মেট্রো উ-১১-৮৪০৮) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে এমদাদুল হক মনা জানান, তার বাবা নওয়াপাড়া থেকে বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সবুজ বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ বলেন, আরএফএল কোম্পানির ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।