ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবন ভাঙার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরনো ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর হোসেন কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরনো ভবন ভাঙার কাজ করছিলেন ইয়ানুরসহ কয়েকজন শ্রমিক। ভবন ভাঙার একপর্যায়ে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি রড পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি গুরুতর আহত হন।
সহকর্মীরা সেখান থেকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনসারউল্লাহ হক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।