মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭০ নম্বর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দুই বছর ধরে কোনো নলকূপ নেই। ফলে বিদ্যালয়টির ১৩৬ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা প্রতিদিন তীব্র খাবার পানির সংকটে ভুগছেন।
সরেজমিনে জানা গেছে, ২০২৪ সালে বিদ্যালয়ের ওয়াশব্লক নির্মাণের সময় পুরনো নলকূপটি অপসারণ করা হয়। কিন্তু এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও নতুন কোনো নলকূপ বসানো হয়নি। ফলে বিদ্যালয়টিতে পানীয় জলের তীব্র সংকট চলছে।
পানির ব্যবস্থা না থাকায় ছোট ছোট শিক্ষার্থীদের প্রতিদিন বাসা থেকে পানির বোতল নিয়ে স্কুলে আসতে হয়। অনেক সময় অতিরিক্ত গরমে বা দীর্ঘ ক্লাসের কারণে পানি ফুরিয়ে গেলে তাদের ছুটতে হয় আশপাশের বাসাবাড়িতে। এতে পড়াশোনার ব্যাঘাত ঘটার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আফরিন খাতুন বলে, ‘প্রতিদিন বাড়ি থেকে বোতলে করে পানি আনতে হয়। অনেক সময় পানি শেষ হয়ে গেলে পাশের বাড়ি থেকে পানি এনে খেতে হয়, যা আমাদের জন্য খুব কষ্টকর।’
পানির এই তীব্র সংকটের কথা স্বীকার করেছেন বিদ্যালয়ের শিক্ষকরাও। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মেরিনা আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে টিউবওয়েল না থাকায় শিক্ষক ও ছাত্র-ছাত্রী সবাই চরম সমস্যায় পড়েছি। আমরা নিজেরাও বাসা থেকে খাওয়ার পানি নিয়ে আসি। সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছি।’
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, ‘বিদ্যালয়টি থেকে আবেদন পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে অতি দ্রুত সেখানে একটি নতুন টিউবওয়েল বসানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’