যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় শিক্ষার্থীদের নিয়ে দুদকের ব্যতিক্রমী আয়োজন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট,২০২৬, ০৭:৫৭ পিএম
পাইকগাছায় শিক্ষার্থীদের নিয়ে দুদকের ব্যতিক্রমী আয়োজন

শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী গণসচেতনতা বৃদ্ধি এবং সততা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করতে খুলনার পাইকগাছায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনা, পাইকগাছা উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ বাস্তবায়নে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা। বিশেষ অতিথি ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন এবং ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকশানা পারভীন।

প্রতিযোগিতায় উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনালে ‘ক’ গ্রুপে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরকে এবং ‘খ’ গ্রুপে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে।

ফাইনালে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়। শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা তনুশ্রী দে প্রতিযোগিতায় প্রধান বক্তা নির্বাচিত হন।

রচনা প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে প্রথম হন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আফরা তাবাসসুম ঈশী, দ্বিতীয় লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের মায়মুনা জান্নাত এবং তৃতীয় হন কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের রাশি সাধু।

‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এস. এম. সাজেদুর রহমান, দ্বিতীয় হন কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়ের তাসনিম আক্তার তন্নী এবং তৃতীয় হন লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের মো. সাকিব আল হাসান।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জি. এম. এম. আজাহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ভূধর চন্দ্র সানা, সহকারী অধ্যাপক নাছরিন আরা, আনসার-ভিডিপি প্রশিক্ষক কর্মকর্তা সাইদুর রহমান এবং টিটিসির শিক্ষক মো. সাইফুল কাজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি নিজাম উদ্দিন ও পূর্ণ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক জামিনুর ইসলাম, সদস্য মাহফুজুর রহমান, শুকদেব চন্দ্র রায়, কবিন্দ্রনাথ রায়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)