স্টাফ রিপোর্টার
, যশোর
সংগৃহীত-
ছবি:
২০২৬ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর যশোর শিক্ষা বোর্ডে এক হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরিবর্তিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, পুনর্নিরীক্ষণের পর বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এর মধ্যে আগে অকৃতকার্য (এফ গ্রেড) থাকা ৩৮০ পরীক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে ‘এ’ গ্রেড পেয়েছেন একজন, ‘এ-’ গ্রেড তিনজন, ‘বি’ গ্রেড ৩৩ জন, ‘সি’ গ্রেড ১৯ জন এবং ‘ডি’ গ্রেড পেয়ে পাস করেছেন ৩২৪ জন।
অন্যদিকে, গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ জিপিএ-৫ (এ+) পাওয়ার সংখ্যাও বেড়েছে। আগে ‘এ’ গ্রেড পাওয়া ৭৩১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ‘এ-’ গ্রেড থেকে ১৯ এবং ‘বি’ গ্রেড থেকে দুই পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, আগে ‘এ-’ গ্রেড পাওয়া ৩০৮ জন পরীক্ষার্থী উন্নীত হয়ে ‘এ’ গ্রেড পেয়েছেন। এ ছাড়া ‘বি’ থেকে ‘এ’ গ্রেডে ১২ জন, ‘বি’ থেকে ‘এ-’ গ্রেডে ১৫০ জন, ‘সি’ থেকে ‘এ’ গ্রেডে একজন, ‘সি’ থেকে ‘এ-’ গ্রেডে একজন, ‘সি’ থেকে ‘বি’ গ্রেডে ৬৫ জন, ‘ডি’ থেকে ‘এ-’ গ্রেডে একজন এবং ‘ডি’ থেকে ‘সি’ গ্রেডে ১৪ জনের ফল উন্নীত হয়েছে।
এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য যশোর শিক্ষা বোর্ডে ২৫ বিষয়ে ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে। এবারই প্রথম পুনর্নিরীক্ষণের প্রতিটি উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হয়েছে। এর ফলে এক হাজার ৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। জিপিএ-৫ এর সংখ্যাও বেশ কিছু বেড়েছে।
তিনি আরও বলেন, যেসব শিক্ষকের ভুলের কারণে এসব পরিবর্তন হয়েছে, তাদের বিরুদ্ধে পরীক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে। ২০২৭ সালের পরীক্ষায় তাদের কাউকে উত্তরপত্র দেখার দায়িত্ব দেওয়া হবে না।