লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে চার দিনব্যাপী স্কাউট ক্যাম্প মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত মহা তাবু জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যা প্রমুখ।
প্রায় দুই ঘণ্টাব্যাপী মহা তাবু জলসায় স্কাউট ও গার্লস গাইড সদস্যরা ‘ময়নার বিয়ে’ ও ‘সর্বনাশা মোবাইল’ নামে দুটি নাটক পরিবেশন করে। এ ছাড়া কৌতুক, নাচ ও গান পরিবেশন করা হয়।
এর আগে রবিবার চার দিনব্যাপী স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়। দোয়েল, ময়না, টিয়া, বাঘ ও সিংহ—এই পাঁচটি উপদলে বিদ্যালয়ের ৫৪ জন স্কাউট সদস্য অংশ নেয়। এর মধ্যে ৫২ জনকে দীক্ষা দেওয়া হয়।
চার দিনব্যাপী ক্যাম্পে ট্রুপ মিটিং, হাইকিং, আনন্দভ্রমণ, তাবু কার্যক্রম ও সাজসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।