অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির এক হাজার ৫০০ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।
এ সময় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক এস এম ফারুক আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘যত শিক্ষার্থী-তত গাছ’ স্লোগানে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে গাছের চারা দেওয়া হয়েছে।
এছাড়া মহাকাল পাইলট বালিকা বিদ্যালয়ে ২৩৫টি, ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ২৫০টি, চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২৪৫টি, বর্ণি বিছালী মাধ্যমিক বিদ্যালয়ে ১৭৫টি এবং সিদ্ধিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৯৫টি গাছের চারা বিতরণ করা হবে।
সব মিলিয়ে ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির এক হাজার ৫০০ গাছের চারা বিতরণ করা হবে।