যবিপ্রবি প্রতিনিধি
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদনের প্রক্রিয়া ও স্কলারশিপ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই মাসব্যাপী সেমিনার সিরিজ শুরু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) 'অস্ট্রেলিয়ায় স্কলারশিপের সুযোগ পাওয়ার উপায়' শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এবং জাস্ট রিসার্চ সোসাইটির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে অর্জিত জ্ঞান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাবে- এটাই প্রত্যাশা। বিদেশে উচ্চশিক্ষার প্রাথমিক পর্যায়ে নানা চ্যালেঞ্জ থাকলেও আত্মবিশ্বাস ও আশাবাদ নিয়ে এগিয়ে গেলে সফল হওয়া সম্ভব।
তিনি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে নিজেদের মেধা দেশের কাজে লাগানোর আহ্বান জানান।
সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফরহাদ করীম সৈকত। তিনি অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে ভর্তির আবেদন প্রক্রিয়া, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) লেখা, সুপারিশপত্র সংগ্রহ, জিআরই, টোফেল ও আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের কৌশল নিয়ে আলোচনা করেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।