মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
‘শহীদুল ইসলাম ফাউন্ডেশন’-এর উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেধা তালিকার শীর্ষে থাকা ১৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।
শহীদুল ইসলাম ফাউন্ডেশনের সভাপতি জাহানারা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন।
‘প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর। মেধার সঠিক চর্চা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে তাদের আরও এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, মহেশপুর পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
সংবর্ধনা পর্বে বক্তারা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ক্রেস্ট ও পুষ্পস্তবক তুলে দেন।