ইবি প্রতিনিধি
শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নয়টি আবাসিক হলে একটি করে মোট নয়টি ডিপ ফ্রিজ বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত কাজের সুবিধার্থেও একটি ডিপ ফ্রিজ উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ডিপ ফ্রিজ বিতরণ করা হয়।
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুনের সভাপতিত্বে এবং সদস্যসচিব রাফিজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা মাহবুব আলম শাহ। এ ছাড়া বিভিন্ন হলের প্রভোস্ট এবং জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন বলেন, ছাত্রদল সব সময় নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে এবং তাদের যেকোনো যৌক্তিক আন্দোলনে পাশে থাকবে। এ ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
গেস্ট অব অনার মাহবুব আলম শাহ আশাবাদ ব্যক্ত করে বলেন, শুধু ইসলামী বিশ্ববিদ্যালয় নয়, এই অঞ্চলের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কল্যাণেও সংগঠনটি অভিভাবকসুলভ ভূমিকা পালন করবে। দল-মত-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে সম্পৃক্ত করে দেশ গঠনে ছাত্রদল ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার ক্ষেত্র এবং এখানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা হতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্ররাজনীতিতে এমন ইতিবাচক পরিবর্তনই সাধারণ মানুষের প্রত্যাশা। উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনা রয়েছে এবং এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।