খুলনা প্রতিনিধি
খুলনার বটিয়াঘাটা উপজেলায় অহিদুল ইসলাম বাদল (৩৫) নামে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজার-সংলগ্ন বাদশার দোকানের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা গুলিবিদ্ধ বাদলকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
আহত অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাদলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলায় জড়িতদের চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এদিকে খবর পেয়ে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন যুবদল নেতার খোঁজখবর নেন এবং তার উন্নত চিকিৎসার আশ্বাস দেন।
এর আগে গত সোমবার দিবাগত গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার বড়কড়িয়া এলাকায় সোহেল শেখ নামে অপর এক যুবদল নেতা গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই ঢাকায় পাঠানো হয়েছে। উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।