লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আনন্দ শোভাযাত্রা, সংক্ষিপ্ত পথসভা এবং চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নড়াইল জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রঙ-বেরঙের বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এতে প্রধানঅতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসটার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে বাসটার্মিনাল প্রাঙ্গণে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত কবির রুবেলের সঞ্চালনায় পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মশিয়ার রহমান।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা।
পরে জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ শহরের চরেরঘাট এলাকায় চিত্রা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।