সুবর্ণভূমি ডেস্ক
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের এমপিও’র বিল সাবমিট কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানরা। এজন্য দ্রুত বিল সাবমিটের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অধিদপ্তরাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ ২০২৫ খ্রিষ্টাব্দে ১ জানুয়ারি হতে ইএফটিতে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ইএমএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগইন করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধিমোতাবেক প্রাপ্য এমপিও’র অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করেন।
শিক্ষক-কর্মচারীর এমপিও’র অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর টাকা ইএফটিতে পাঠানো না হলে বা অতিরিক্ত টাকা পাঠানো হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। অসাবধানতাবশত ভুল তথ্য দেওয়া বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক-কর্মচারী অতিরিক্ত টাকা প্রাপ্ত হলে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন।
এমন অবস্থায়, আগামী ২০ নভেম্বরের মধ্যে নভেম্বর মাসের এমপিও বিল অনলাইনে সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়া হলো।