যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত তিন সহস্রাধিক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল,২০২৬, ০৮:৩৮ পিএম
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত তিন সহস্রাধিক

জেলার সাতটি উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার সকাল থেকে বাংলা বিষয়ের এই পরীক্ষায় জেলার ১৭টি কেন্দ্রে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তবে, মোট পরীক্ষার্থীর একটি উল্লেখযোগ্য অংশ পরীক্ষায় অনুপস্থিত ছিল বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৫০২। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫ হাজার ১৯৮ জন এবং অনুপস্থিত ছিল ৩ হাজার ৩০৪ জন। জেলায় গড় উপস্থিতির হার ৬১.১৪ শতাংশ।

উপজেলাওয়ারী তথ্যে দেখা যায়, তালা উপজেলায় উপস্থিতির হার সবচেয়ে বেশি (প্রায় ৭২.৩৭%)। অন্যদিকে, কলারোয়া উপজেলায় উপস্থিতির হার সবচেয়ে কম ছিল। কলারোয়ার দুটি কেন্দ্রে গড় উপস্থিতি ছিল মাত্র ৪০ শতাংশের কাছাকাছি।

সাতক্ষীরা সদর উপজেলায় তিনটি কেন্দ্রে এক হাজার ৮৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল এক হাজার ২৫৩ জন। অনুপস্থিত রয়েছে ৫৯৮জন। তালা উপজেলায় চারটি কেন্দ্রে ১ হাজার ৩০৮জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯৬ জন অংশ নিয়েছে। অনুপস্থিত ৩১২জন। কলারোয়ায় দুইটি কেন্দ্রে এক হাজার ২৭২ জনের মধ্যে উপস্থিত ৪২৫জন। এ উপজেলায় অনুপস্থিত ৮৪৭জন। দেবহাটায় ৬০০ জনের মধ্যে উপস্থিত ছিল ৩৯৪ জন। এখানে অনুপস্থিত আছে ২০৬জন। আশাশুনির তিনটি কেন্দ্রে এক হাজার ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৮২জন। অনুপস্থিত ৪৫৮জন। কালিগঞ্জের দুইটি কেন্দ্রে এক হাজার ১৭০ জনের মধ্যে উপস্থিত ৭৬৬ জন। অনুপস্থিত ৪০৪জন। শ্যামনগরের দুইটি কেন্দ্রে এক হাজার ১৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮২জন পরীক্ষায় বসেছে। অনুপস্থিত ৩৭৯জন।

প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট সঠিকভাবে পাওয়া গেছে এবং পরীক্ষা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকরা।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হচ্ছে। প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে কেন্দ্রের শৃঙ্খলা—সবই সন্তোষজনক। তবে, অনুপস্থিতির কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে বালক তিন হাজার ৩০৫ জন এবং বালিকা তিন হাজার ৪৮৭ জন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরও জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারদিনে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ভালো পরীক্ষা উপহার দিতে পারব। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আমাদের শিশুরাই লাভবান হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার বৃত্তির সংখ্যা ও বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে। এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)