যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (নবীনবরণ) অনুষ্ঠান আগামী ১৫ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওই দিন থেকেই নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ওরিয়েন্টেশন কিট বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নবীন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।