সাতক্ষীরা প্রতিনিধি
বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার-২০২৫’ এ বন বিভাগ ক্যাটাগরিতে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাতক্ষীরা বন সংরক্ষণ অফিসের কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ।
রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনের হৈমন্তী মিলনায়তনে ‘জাতীয় বৃক্ষমেলা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম (টিপু)।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাতক্ষীরা বন সংরক্ষণ অফিসের কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ বলেন, জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন বৃক্ষরোপণ, বন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আগামীতেও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই।
অনুষ্ঠানে জাতীয় বৃক্ষরোপণ পুরস্কারের পাশাপাশি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখা ব্যক্তিবর্গ এবং মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বন অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পরিবেশ খাতের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।