সুবর্ণভূমি ডেস্ক
ফাইল ছবি
ছবি:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এগিয়ে থাকার ধারাবাহিকতা ধরে রেখেছে মেয়ে শিক্ষার্থীরা। বিগত বছরের মতো এ বছরও তারা জিপিএ-৫ ও পাসের হারে বেশ এগিয়ে রয়েছে।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা বোর্ডগুলো থেকে একযোগে প্রকাশিত ফলাফলে এমন চিত্র দেখা গেছে।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর এসএসসির নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ৬৬.৬৮ শতাংশ নারী শিক্ষার্থী পাস করেছে।
বিপরীতে ছেলে শিক্ষার্থী পাস করেছে ৫৭.৮৬ শতাংশ। গত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণ করেও একই চিত্র দেখা গেছে।
ফলাফল অনুযায়ী, ২০২৫ সালে ৭১ দশমিক ০৩ শতাংশ মেয়ে এবং ৬৫ দশমিক ৮৮ শতাংশ ছেলে শিক্ষার্থী পাস করে।
২০২৪ সালে ৮১ দশমিক ৫৭ শতাংশ ছেলে এবং ৮৪ দশমিক ৪৭ শতাংশ মেয়ে পাস করে।
২০২৩ সালেও ছিল একই চিত্র। সেবার মেয়েদের পাসের হার ছিল ৮১ দশমিক ৮৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ছিল ৭৮ দশমিক ৮৭ শতাংশ।
জিপিএ-৫ও বেশি পেয়েছে মেয়েরা
এ বছর জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও মেয়েরা এগিয়ে। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
তাদের মধ্যে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৭ দশমিক ০১ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ছাত্রীরা। তাদের মোট সংখ্যা ৬৩ হাজার ৮৯৬ জন;
অন্যদিকে ছেলেদের মধ্যে ৫ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার মোট সংখ্যা ৫২ হাজার ৭৮০ জন।