চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছ ও ডালপালা ভেঙে পড়েছে। এতে যান চলাচল বিঘ্নিত হয়েছে।
এদিকে, কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় পা পিছলে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মকলেছুর রহমান (৬৫) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে, তার ছিড়ে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে রয়েছে জেলার অধিকাংশ এলাকা।
মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়।
এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার বাসিন্দা মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মকলেছুর রহমান বাড়ির তিনতলার ছাদে টিন নামানোর সময় প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ঝড়ের তীব্রতায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নূরনগর মোড়, ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় সড়কের পাশে থাকা বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে।
চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের ফকিরপাড়া, কোষাঘাটায় এলাকায় গাছ উপড়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণের কাজ শুরু করেন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ০৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, তিনতলা ছাদ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছ অপসারণ করা হয়েছে।