খুলনা অফিস
বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রা.)-এর মাজারসংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা কুমিরটিকে বুধবার দুপুরে খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল।
তিনি জানান, নিবিড় পর্যবেক্ষণের জন্য কুমিরটিকে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে খুলনা পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে চার থেকে সাত দিন পর্যবেক্ষণে রাখার পর কুমিরটিকে চূড়ান্তভাবে কোথায় রাখা হবে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।
এর আগে বন অধিদপ্তর, বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র এবং করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের একটি যৌথ দল বাগেরহাট জেলা প্রশাসনের সহায়তায় কুমিরটিকে উদ্ধার করে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে খুলনায় পাঠায়।
উদ্ধারের সময় খুলনার বন সংরক্ষক ইমরান খান, বন অধিদপ্তরের কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুন্দরবন পশ্চিম বিভাগের ডিএফও রেজাউল করিম চৌধুরী বলেন, বন কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে একটি বিশেষ উদ্ধারকারী দল আজ সকালে কুমিরটিকে উদ্ধার করে খুলনা বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, দলটি কুমিরটির আচরণ ও অবস্থান পর্যবেক্ষণ করে এটিকে ধরার কৌশল, স্থানান্তরের সময় এবং প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো নির্ধারণ করা হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে মাজারে আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পুকুর থেকে কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তর করার প্রাথমিক সিদ্ধান্ত নেয় বাগেরহাট জেলা প্রশাসন।
মঙ্গলবার রাত ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। বৈঠক শেষে তিনি বলেন, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার পর মাজার এলাকার দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার রাত ৮টার দিকে মাজারের পাশের পুকুরে গোসল করার সময় আট বছর বয়সী ফাতেমা আক্তার নামে একটি শিশু কুমিরের আক্রমণের শিকার হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, কুমিরটি শিশুটির পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায় এবং পরে মঙ্গলবার ভোরে মাজারের পাশের পুকুরের মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে।