অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’ ও এর সহযোগী সংস্থা ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, শেখ আবুল কাশেম, মো. জহুরুল ইসলাম ও শেখ তৈয়েবুর রহমান এবং উপজেলা ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম ফরাজী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ ও খাল কমিটির যৌথ উদ্যোগে পুনঃখননকৃত খালগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কচুরিপানা অপসারণে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবদ্ধতা নিরসনে নদী ও খালের অবৈধ নেট-পাটা অপসারণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সরকার নির্ধারিত ‘ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা-২০১৮’ বাস্তবায়নে ঘের মালিক, মৎস্যচাষী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
সভার শুরুতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং ইতিমধ্যে সম্পাদিত ও চলমান কার্যক্রমের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস এবং প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।