কোটচাঁদপুর, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় সিরু মিয়া-কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (২৯ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, সাংবাদিক এসএম রায়হান উদ্দীন, সাংবাদিক মঈন উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় অতিথিরা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং সকলকে নিয়মিত গাছের পরিচর্যা করার আহ্বান জানানো হয়।