দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় পাঁচ হাজার পরিবারের মাঝে ২০ হাজার ফলদ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় দেবহাটা উপজেলার হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে নিবন্ধিত ও কমিউনিটি শিশুর ১০০টি পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সঞ্চালনা করেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুশীলনের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান এবং বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ কর্মকর্তা পল্টন বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, হাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভিন, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান ও আসাদুজ্জামান রিপনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুধীজন এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ‘আমাদের দেশে প্রয়োজনের তুলনায় বনভূমির পরিমাণ এখনও অনেক কম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সাতক্ষীরা জেলার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় তিনি চারা গ্রহণকারী পরিবারগুলোর প্রতি নিজ নিজ বাড়ির উপযুক্ত স্থানে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিশুদের জন্য একটি সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা বিতরণকৃত প্রতিটি চারার যথাযথ পরিচর্যার মাধ্যমে সফলভাবে গাছে পরিণত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আওতায় পর্যায়ক্রমে উপজেলার পাঁচ হাজার পরিবারের মাঝে ২০ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি কমিউনিটির উদ্যোগে আরও প্রায় ৪৯ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।