যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পথপ্রাণীর প্রতিও সৈভিকের আন্তরিকতা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১২:০৪ এ এম
পথপ্রাণীর প্রতিও সৈভিকের আন্তরিকতা

সন্ধ্যা সাতটা বাজতেই ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কের একটি দোকানের সামনে জড়ো হতে শুরু করে কয়েকটি পথকুকুর। কেউ চুপচাপ, কেউ আবার লেজ নাড়তে নাড়তে রাস্তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর দোকান থেকে বেরিয়ে আসেন এক ব্যক্তি। হাতে পাউরুটি বা কেক। তিনি খাবারগুলো ছোট ছোট টুকরো করে ছুঁড়ে দেন। মুহূর্তেই ক্ষুধার্ত প্রাণীগুলো খাবার খেতে শুরু করে। দৃশ্যটি প্রতিদিনের।

এই মানুষটির নাম সৈভিক পোদ্দার। পেশায় ব্যবসায়ী। স্থানীয়দের কাছে তিনি পরিচিত একজন মানবিক মানুষ হিসেবে। মানুষের পাশাপাশি পথপ্রাণীর প্রতিও তার আন্তরিকতা অনেকের দৃষ্টি কেড়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সৈভিক পোদ্দার নিজের হাতে ৮ থেকে ১০টি পথকুকুরকে পাউরুটি ছিঁড়ে খাওয়াচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই তার এই উদ্যোগের প্রশংসা করেন।

আশপাশের মানুষের ভাষ্য, এটি নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই প্রতিদিন সন্ধ্যায় তিনি দোকানের সামনে আসা পথকুকুরগুলোর জন্য খাবারের ব্যবস্থা করেন। সম্পর্ক তৈরি হয়েছে মানুষ আর অবলা প্রাণীগুলোর মধ্যে।

মানুষের জন্যও নীরবে কাজ করে যাচ্ছেন সৈভিক পোদ্দার। প্রতি রমজান মাসে তিনি রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করেন। আবার দুর্গাপূজার সময় অসচ্ছল মানুষের হাতে তুলে দেন নতুন পোশাক। ধর্মীয় পরিচয়কে নয়, মানুষের প্রয়োজনকেই তিনি গুরুত্ব দেন।

সৈভিক পোদ্দার বলেন, মানুষ হোক কিংবা অবলা প্রাণী ক্ষুধা সবার কাছেই কষ্টের। সামর্থ্য অনুযায়ী যদি কারও মুখে একটু খাবার তুলে দিতে পারি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। আমি বিশ্বাস করি, মানবতা কোনো ধর্ম বা পরিচয়ে সীমাবদ্ধ নয়। মানুষের প্রতি যেমন দায়িত্ব আছে, তেমনি আল্লাহর সৃষ্টি এই প্রাণীগুলোর প্রতিও আমাদের কিছু দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, আমি প্রচারের জন্য এসব করি না। ছোটবেলা থেকেই দেখেছি, ক্ষুধার্ত মানুষ বা প্রাণীকে খাবার দিলে এক ধরনের মানসিক শান্তি পাওয়া যায়। যতদিন পারব, নিজের সামর্থ্য অনুযায়ী এই কাজ করে যেতে চাই।

স্থানীয় বাসিন্দা নাসিম উদ্দিন জানান, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পথকুকুরগুলো সৈভিক পোদ্দারের দোকানের সামনে চলে আসে। তিনি না আসা পর্যন্ত অনেক সময় অপেক্ষাও করে। প্রাণীগুলোর এই নির্ভরতা বলে দেয়, তারা মানুষটিকে কতটা আপন করে নিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)