যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কারাতে শিখছে যশোর শিক্ষাবোর্ড স্কুলের মেয়েরা

আত্মরক্ষার কৌশল যখন সহ-শিক্ষা

বিশেষ প্রতিনিধি

, যশোর

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৮:১৮ পিএম
আপডেট : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৯:৩৪ পিএম
আত্মরক্ষার কৌশল যখন সহ-শিক্ষা

ক্যাম্পাসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ওস্তাদের সঙ্গে তাল মিলিয়ে কারাতে প্রাকটিস করছিল মেয়েরা। তাদের চোখে বেশ প্রত্যয়। সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণ হলেও দুর্বৃত্তদের কবল থেকে নিজেদের রক্ষা করার যে আকাঙ্ক্ষা- তা স্পষ্ট হয়ে ওঠে তাদের কথাবার্তায়।

সরেজমিন যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এই দৃশ্য চোখে পড়ে।

এই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির (মানবিক) শিক্ষার্থী সৈয়দা মালিহা তাবাসসুম বলছে, ‘আমাদের সামাজিক যে অবস্থা, তাতে রাস্তাঘাটে একা চলা বেশ অনিরাপদ ও ঝুঁকির। বখাটে থেকে শুরু করে ছিনতাইকারী- বেশ উৎপাত। নিজেদের পারফেক্ট হিসেবে গড়ে তুলতে কারাতে প্রশিক্ষণ নিচ্ছি।’

অপর শিক্ষার্থী লামিয়া আক্তারের মতে, ‘এই প্রশিক্ষণের ফলে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। নিজেদের রক্ষার নানা কৌশল শিখতে পারছি। মানসিকভাবেও আমরা তৃপ্ত।’

যশোর শহরের গা ঘেঁষে উপশহর এলাকায় অবস্থান যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের। এই প্রতিষ্ঠানে প্রায় ১৪শ’ শিক্ষার্থীর অর্ধেকই মেয়ে। কারাতে প্রশিক্ষণে অংশ নিচ্ছে ৪০ জন। ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির ক্লাসের মেয়েরা। তাদের মধ্যে নবম শ্রেণিরই বেশি। যাদের আগ্রহ আছে, তারা অংশ নিচ্ছে- জানান শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক তৌহিদুর রহমান বলেন, সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মূলত মেয়েরা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। ক্লাসের ফাঁকে সময় নষ্ট না করে জরুরি প্রয়োজন বলে মেয়েরা আগ্রহ সহকারেই অংশ নিচ্ছে। মাসখানেক হলো, এখানে কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন বাইরের একজন প্রশিক্ষক।

এই প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা নিজেদের রক্ষা করতে পারবে। তাছাড়া, এটি শারীরিক ব্যায়ামও বটে- বলেন শরীরচর্চা শিক্ষক।

মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারি ইমরান হাসান টুটুল। তিনি বলেন, বইয়ের পাতায় যেমন জ্ঞান থাকে, তেমন কারাতে খেলার মাঠেও থাকে জীবনের শিক্ষা। সরকার সম্প্রতি নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খুদে খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিশ্বমঞ্চের জন্যে মহাপরিকল্পনা নিয়েছে।

এই কারাতে খেলার মাধ্যমে মোবাইলফোন আসক্তি থেকে যেমন মুক্তি দেবে, তেমনই নেতৃত্ব, সুশৃঙ্খল জীবন ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু সারাদেশে মেয়েদের কারাতে প্রশিক্ষণের প্রতি গুরুত্বারোপ করেছেন। মেয়েদের আরও ভালো প্রশিক্ষণের জন্যে তিনি আগামী মাসের প্রথম সপ্তাহে যশোরে আসবেন বলে জানান প্রশিক্ষক ইমরান হাসান টুটুল।

সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শারীরিক ব্যায়াম বিশেষ করে মেয়েদের নিরাপত্তার স্বার্থে অন্যান্য স্কুলে এই ধরনের কার্যক্রম নেওয়া হবে কি না জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার মাহফিজুল হোসেন বলেন, হাইস্কুল, মাদরাসা, নিম্নমাধ্যমিক বিদ্যালয়, কলেজিয়েট স্কুল মিলিয়ে যশোরে প্রায় ১১শ’ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

‘শিক্ষাবোর্ড স্কুলের মতো অন্য শিক্ষা প্রতিষ্ঠানে এমন প্রশিক্ষণ কার্যক্রম নেই। খুব শিগগির এই ধরনের কার্যক্রম শুরুর তেমন কোনও নির্দেশনা এখন পর্যন্ত জানা নেই। বর্তমানে স্কুলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে আমরা জোর দিচ্ছি,’ বলেন তিনি।

যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান বলেন, ‘সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মেয়েদের এই কারাতে প্রশিক্ষণের আয়োজন করেছি। বাইরের একজন প্রশিক্ষক আমাদের শরীরচর্চা শিক্ষকের সহায়তায় মেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। মেয়েরা বেশ আগ্রহ সহকারেই প্রশিক্ষণ নিচ্ছে। এতে করে তারা মানসিক ও শারীরিক বিকাশের সাথে সাথে নিজেদের রক্ষার করার কৌশলও রপ্ত করতে পারছে ‘

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্যে আমরা বর্তমানে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, বই পড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। এছাড়া, স্কুলে মেয়েদের ওয়াশরুম পরিস্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সেটি হাইজেনিক করার উদ্যোগও নেওয়া হয়েছে। এতে করে তাদের শারীরিক সুস্থতার সাথে সাথে মননশীলতারও বিকাশ হবে।

তিনি বলেন, কারাতে প্রশিক্ষণের বিষয়টি ইতিবাচক। খুব শিগগিরই এই সক্ষমতা চালুর উদ্যোগ নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)