স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সাতক্ষীরা প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করে হাসপাতালটির সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
একই সঙ্গে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস দিয়েছেন।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে প্রথমে রান্নাঘর পরিদর্শন করেন এবং রোগীদের জন্য প্রস্তুত খাবারের মান যাচাই করেন।
পরে মহিলা ও পুরুষ ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), অফিসকক্ষ, ওয়াশরুম এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতা পরিদর্শন করেন।
এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক সেবার মান সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতালের এসি চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ওয়াশরুমসহ চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডাক্তার শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন মন্ত্রী।
সাংবাদিকদের তিনি জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে।
মন্ত্রী বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। অল্প সময়ের মধ্যেই মাটি পরীক্ষার (সয়েল টেস্ট) কাজ শুরু করা হবে।
হাসপাতালটিতে সাত থেকে আট তলাবিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করা হবে। সেখানে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, মাতৃদুগ্ধ কর্নার (ব্রেস্টফিডিং কর্নার) ও ট্রমা সেন্টার স্থাপন করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিজুল হক (লিটু), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।