অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের সুবিধার্থে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের (সিআইপি) পক্ষ থেকে দশটি সিলিং ফ্যান উপহার দেওয়া হয়েছে। আকিজ সিটি কর্তৃপক্ষ রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই ফ্যানগুলো হস্তান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীবের হাতে দশটি সিলিং ফ্যান বুঝিয়ে দেন আকিজ সিটির হেড অব বিজনেস কাজী ইয়া হান্নান। এ সময় উপস্থিত ছিলেন আকিজ সিটির সিনিয়র সুপারভাইজার সাব্বির আহমেদসহ অন্যান্য কর্মকর্তা এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স।
আকিজ সিটির হেড অব বিজনেস কাজী ইয়া হান্নান বলেন, "আকিজ গ্রুপ একটি মানবিক প্রতিষ্ঠান। ব্যবসার পাশাপাশি এই প্রতিষ্ঠান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে থাকে। আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের উদ্যোগে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এই শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলীমুর রাজীব কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেশ কিছু সিলিং ফ্যান নষ্ট হয়ে যাওয়ায় রোগীরা প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছিলেন। পরিস্থিতি বিবেচনা করে আকিজ গ্রুপের চেয়ারম্যান বরাবর আবেদন করা হলে তিনি দ্রুত দশটি ফ্যান উপহার হিসেবে পাঠিয়েছেন। তীব্র গরমে এই ফ্যানগুলো রোগীদের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে।