সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ২০ এপ্রিল সোমবার থেকে শুরু হওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় জেলার এক লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১০ মে পর্যন্ত মোট ১১ কর্মদিবস ব্যাপী এই ক্যাম্পেইন চলবে। জেলার ৭৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার দুই হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে।
পরিসংখ্যান অনুযায়ী, জেলার সাতটি উপজেলা ও একটি পৌরসভায় টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে- শ্যামনগরে: ৩৫,১২৮ জন, সাতক্ষীরা সদরে: ৩১,১৮৭ জন, তালায়: ২৭,০৮৩ জন, কালিগঞ্জে: ২৫,৭০৮ জন, কলারোয়ায়: ২২,৭১৪ জন, আশাশুনিতে: ১৯,৫৭২ জন, দেবহাটায়: ১১,৪৬২ জন এবং সাতক্ষীরা পৌরসভায় : ৫,৯৬১ জনক ।
ব্রিফিংয়ে জানানো হয়, ক্যাম্পেইনের প্রথম আট দিন কমিউনিটি পর্যায়ে (বিভিন্ন টিকাদান কেন্দ্র) এবং শেষ তিন দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডা. রাশেদ উদ্দিন মৃধা জানান, যে সকল শিশু আগে হামের টিকা পেয়েছে কিংবা সম্প্রতি হাম-রুবেলায় আক্রান্ত হয়েছে, নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকলে তাদেরও এই টিকা নিতে হবে।
তবে পূর্ববর্তী টিকা প্রদানের পর অন্তত ২৮ দিন পার হলেই কেবল একটি শিশু পুনরায় এই টিকা গ্রহণ করতে পারবে। সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে হাম ও রুবেলার ঝুঁকি থেকে মুক্ত রাখতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুও যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠ পর্যায়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, ডা. ইসমত জাহান সুমনা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমান ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।