ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে হামের লক্ষণ নিয়ে আলিফ হোসেন (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আলিফ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের রনি মিয়ার ছেলে।
শিশুটির মা লাখি খাতুন জানান, প্রায় ১৫ দিন আগে আলিফের শরীরে হামের লক্ষণ দেখা দেয়। পরে তাকে ঝিনাইদহ শহরের বেসরকারি প্রিন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর বুধবার সকালে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। বাড়িতে নেওয়ার পর আবারও ঠান্ডা, কাশি ও জ্বর বেড়ে অসুস্থ হয়ে পড়ে। পরে বুধবার বিকেলে আলিফকে ঝিনাইদহ শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আলী হাসান ফরিদ জামিলের কাছে নেওয়া হয়। তিনি শিশু হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার সকালে শিশু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। কিছু সময় পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। নেওয়ার পথেই আলিফের মৃত্যু হয়।
ডা. আলী হাসান ফরিদ জামিল বলেন, শিশুটি দীর্ঘদিন ধরে হামের লক্ষণ নিয়ে অসুস্থ ছিল। বর্তমানে তার নিউমোনিয়াজনিত জটিলতা দেখা দিয়েছিল। যা হাম পরবর্তী প্রভাব হতে পারে। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা শুরু করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, শিশুটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকায় তার তথ্য আমাদের কাছে ছিল না। জেলার সরকারি হাসপাতালগুলোতে হামের রোগীদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালে ভর্তি হওয়া কোনো রোগীর এখন পর্যন্ত মৃত্যু হয়নি।