স্টাফ রিপোর্টার
, যশোর
পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনার সময় স্বামী-স্ত্রীর ধস্তাধস্তির একপর্যায়ে গৃহবধূর কোলে থাকা আট মাস বয়সী শিশুর মুখেও বিষ ঢুকে যায়। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শেয়ালঘোনা গ্রামে এই ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন ওই গ্রামের মামুনের স্ত্রী সোনিয়া (২৫) এবং তার আট মাস বয়সী শিশু সন্তান রাইয়ান।
সোনিয়ার স্বামী মামুন জানান, দীর্ঘদিন ধরে সোনিয়া ও তার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কলহ চলছিল। এরই জেরে সোমবার সকালে নিজ বাড়িতে সোনিয়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বাধা দিতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে সোনিয়ার কাছে থাকা শিশু রাইয়ানের মুখে বিষের বোতল উপুড় হয়ে পড়ে এবং বিষ তার পেটে ঢুকে যায়।
ঘটনার পরপরই পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে আনেন।
বর্তমানে মা ও শিশু যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে মামুন জানান।
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ডাক্তার রেজওয়ানুল করিম জানিয়েছেন, মা ও শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষের মাত্রা অত্যধিক হওয়াই ৪৮ ঘণ্টা পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।