অভয়নগর (যশোর) প্রতিনিধি
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান 'রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার' কর্তৃপক্ষের ‘ভুল চিকিৎসায়’ সাদিয়া (২৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে যশোরের অভয়নগরে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. দিলরুবা ফেরদৌস ডায়নাকে। কমিটির সদস্য করা হয়েছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. দিদার এ ইলাহী ইমু ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজকে।
যশোর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাসুদ রানা স্বাক্ষরিত এক চিঠিতে আগামী সাত দিনের মধ্যে ঘটনার তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল করতে কমিটিকে অনুরোধ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সুলাইমানের স্ত্রী সাদিয়া শারীরিকভাবে অসুস্থ হলে গত ২৮ এপ্রিল তাকে 'রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টারে' নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর সবকিছু ঠিক আছে বলে রোগীকে দুই দিন ওই ক্লিনিকে ভর্তি রেখে চিকিৎসাও দেওয়া হয়।
বাড়ি ফেরার পর রোগী (সাদিয়া) আবার অসুস্থ হলে তাকে খুলনা আদ্ব-দীন আকিজ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তার মৃত্যু হয়। এ ঘটনার পর মৃত সাদিয়ার স্বামী সুলাইমান বাদী হয়ে 'রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টারের' পরিচালকের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেন। ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে ওই অভিযোগে দাবি করেন তিনি।
এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, 'তিন সদস্যের তদন্ত কমিটির তালিকা হাতে পাওয়ার পর সভাপতিসহ দুই সদস্যকে জানানো হয়েছে।
তিনি আরো বলেন, 'ভুক্তভোগী সুলাইমান তার স্ত্রীর মৃত্যুর বিষয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। থানার সেই অভিযোগের কপি আমার দপ্তরে আসলে তা জেলা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেওয়া হয়। তারই প্রেক্ষিতে ঘটনা তদন্তের নিদের্শনা এসেছে।'