কুষ্টিয়া প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, 'বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্য সেবা খাত। সেই অবস্থা থেকে বর্তমান সরকার মান বাড়ানোর পাশাপাশি শৃংখলা-স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ করে স্বাস্থ্য খাতে গতি আনা হবে।'
বুধবার (১৭ জুন) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে বিফ্রিংকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে কিছু চিকিৎসকের অনুপস্থিতিসহ ছোটখাট কিছু ত্রুটি লক্ষ্য করা গেছে। ড্রেনেজ ব্যবস্থা খুবই শোচনীয়। এগুলো ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন অফিসে নিয়োগে অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশের অনেক জেলায় অনিয়ম হয়েছে। সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ৫শ’ শয্যার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আগামী তিন মাসের মধ্যে পরিপূর্ণ চালু ও যন্ত্রপাতি সচল করার বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী- এমন কথাও জানান তিনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মান্নান ও সিভিল সার্জন এসএম কামাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন অফিসার ও দলীয় নেতারা।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়ার্ডের টয়লেট ও রান্নাঘরের পরিবেশ পরীক্ষা করেন। এসময় রান্নাঘরের হাত ধোয়ার বেসিনের নীচে অপরিষ্কার থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। ওয়ার্ডে পরিদর্শনকালে তিনি বিভিন্ন রোগীদের কাছে খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের বেড তুলেও পরীক্ষা করেন।
পরিদর্শনের আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে কর্মরত ডাক্তারদের হাজিরা খাতা চেক করেন। পরে বাইরে এসে হাসপাতালে মাস্টাররোলে নিয়োজিত কর্মচারীদের হাজিরা খাতা নিয়ে তারা উপস্থিতি আছে কিনা তা পর্যবেক্ষণ করেন।