ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
রবিবার (৫ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান এবং ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি আবুল কালাম আজাদ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন, কামরুজ্জামানসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভার সভাপতি সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, উপজেলার সাধারণ মানুষের জন্য আরও উন্নত, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত সদস্যরা হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, বিদ্যমান জনবল ও চিকিৎসা সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, রোগীদের প্রতি আন্তরিক ও মানবিক আচরণ বজায় রাখা এবং স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার ওপর জোর দেন। এছাড়া হাসপাতালের অবকাঠামোগত ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।