চৌগাছা (যশোর) প্রতিনিধি
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি চৌগাছায় ডা. আনিসুজ্জামানের নামে বেসরকারি ২৫০ শয্যা হাসপাতাল উদ্বোধন করেছেন। শুক্রবার বিকেলে নিজস্ব মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটি উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রাম এলাকায় প্রতিষ্ঠিত এই হাসপাতালটি যেন মানবসেবায় মডেল হতে পারে, সেই চেষ্টা করতে হবে। তিনি এলাকার সকলকে এই হাসপাতালটিকে সহযোগিতার আহ্বান জানান।
তিনি আশাবাদ করেন, এলাকার মানুষকে আর চিকিৎসার জন্য ঢাকা অথবা দেশের বাইরে যেতে হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন শওকত, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, সাবেক অতিরিক্ত সচিব এ কে নাজমুজ্জামান, সাবেক অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, ডা. ইমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, সহকারী কমিশনার জি এম এ মুনিব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ প্রমুখ।
সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রাহিন।