সুবর্ণভূমি ডেস্ক
সংগৃহীত—
ছবি:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে কটাক্ষ করেছেন। তিনি পিল্লাইকে জাতিসংঘে কাজ করা একজন উদারপন্থী ব্যক্তি হিসেবে উল্লেখ করে দাবি করেছেন, তার নাম আগে কখনো শোনেননি তিনি।
জাতিসংঘের একটি তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন নাভি পিল্লাই। তদন্ত শেষে ওই কমিশন জানায়, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রিপাবলিকানদের একটি নির্বাচনি সমাবেশে ট্রাম্প বলেন, ‘আজ নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এমন একজনকে, যাঁর নাম আমি কখনো শুনিনি। কেউই তাকে চেনে না। বিষয়টি রহস্যজনক।’ আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত ওই সমাবেশে অবশ্য তিনি পিল্লাইকে অভিনন্দনও জানান।
ট্রাম্প বলেন, ‘তবু তাকে অভিনন্দন।’
তিনি আবারও দাবি করেন, আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতের উদাহরণ তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, ‘এই আটটি যুদ্ধের যেকোনো একটির জন্যই নোবেল পুরস্কার পাওয়া যায়। আমি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি। কোনো প্রেসিডেন্টই এমনটা করেননি।’
এরপর নোবেল শান্তি পুরস্কার কমিটি ও পুরস্কারটির সঙ্গে সংশ্লিষ্ট দেশ নরওয়ের সমালোচনা করেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রেরই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। কিন্তু তা না হওয়াকে নরওয়ের জন্য ‘অমোচনীয় কলঙ্ক’ বলে মন্তব্য করেন তিনি।
পুরস্কারটির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তার দাবি, গণতন্ত্রবিরোধী ও সভ্যতার শত্রু হিসেবে আখ্যায়িত একদল উগ্র মতাদর্শীর কারণে পুরস্কারটি চিরতরে কলঙ্কিত হয়েছে।
তিনি বলেন, ‘আমরা নরওয়েকে ভুলব না।’ পুরস্কার না পাওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্রের প্রতি নরওয়ে ও অন্যান্য দেশের শোষণমূলক আচরণের আরেকটি নিদর্শন বলেও উল্লেখ করেন তিনি।
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এই নারী সম্পর্কে আমি কিছুই জানি না, অন্য কেউও জানে না! আমার জানামতে, ইসরায়েলকে ঘৃণা করার বিষয়টি ছাড়া আর কেউ কখনো তার নামও শোনেনি।’
নিজের পুরস্কার পাওয়ার যোগ্যতার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি আরও লেখেন, নোবেল শান্তি পুরস্কার একদল উগ্র মতাদর্শীর কারণে চিরতরে কলঙ্কিত হয়েছে। তার ভাষায়, তারা গণতন্ত্রবিরোধী ও সভ্যতার শত্রু।
দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি জানিয়ে আসছেন ট্রাম্প। পুরস্কারটি না পাওয়ায় বিভিন্ন সময়ে অসন্তোষ ও সমালোচনাও প্রকাশ করেছেন তিনি।
সূত্র: আনাদোলু