সুবর্ণভূমি ডেস্ক
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের এই দণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন—নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আক্তার।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজ করার দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। দেশটির নিরাপত্তা বাহিনী তাদের আটক করার পর তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। পরবর্তীতে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অপরাধের গুরুত্ব এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারক এই কঠোর শাস্তি নির্ধারণ করেন। উচ্চ আদালত এই রায় বহাল রাখার পর রাজকীয় আদেশে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হিজরি ১৪৪৮ সালের ৩ জমাদিউল আউয়াল (১৪ অক্টোবর ২০২৬) মক্কা অঞ্চলে তাদের এই দণ্ড কার্যকর করা হয়েছে।
মসজিদের পবিত্রতা লঙ্ঘন বা যেকোনো অনৈতিক কাজের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন কার্যকর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এই ধরনের অপরাধে জড়িত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করা হয়েছে।